প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২০
সাংবাদিকের তৃপ্তি যেখানে

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দৈনিক চাঁদপুর কণ্ঠের অনলাইন ভার্সন ও মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) প্রিন্ট ভার্সনে ‘এমন গরিবের পেটে লাথি দিলো কে ?’ সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হবার পরে রাজধানীর গাউছিয়া মার্কেটের ‘তারিশ থ্রি পিস কোম্পানী’র মালিক মো. রুবেলের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক শেয়ারকৃত সংবাদের কমেন্টে সহযোগিতার আশ্বাসে সাড়া দেন। তারই ধারাবাহিকতায় এ ব্যবসায়ী নিজে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) হাজীগঞ্জের বাকিলা বাজারে হাজির হয়ে ক্ষতিগ্রস্ত কাঠ মিস্ত্রী আবুল খায়েরের হাতে যন্ত্র কেনার জন্যে নগদ টাকা তুলে দেন। এ সময় আবুল খায়ের সহায়তাকারী ব্যবসায়ী রুবেল ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধির নাম নিয়ে আবেগাপ্লুত হয়ে দোয়া করেন। উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল ২০২৬) দিনগত রাতে হাজীগঞ্জের বাকিলা পশ্চিম বাজারে কাঠ মিস্ত্রী আবুল খায়েরের দোকানে চুরি হয়ে তার কাজের সকল যন্ত্রপাতি নিয়ে যায় চোরের দল। স্থানীয়রা বলছেন, এ কাজ মাদকসেবীদের কাজ। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েন এ মিস্ত্রী। সংবাদপত্র, অনলাইন, টিভিসহ যে কোনো গণমাধ্যমে কোনো সাংবাদিকের পরিবেশিত সংবাদে যখন ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন ওই সাংবাদিক তৃপ্তি অনুভব করেন, পেশাগত সাফল্য অনুভব করেন। চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল চুরির শিকার কাঠমিস্ত্রী আবুল খায়েরের বাস্তব অবস্থা তুলে ধরার পর একজন পাঠকের হৃদয় ছুঁয়েছে এবং তিনি নিজে রাজধানী থেকে বাকিলা ছুটে এসে কাঠমিস্ত্রীকে তার উপকরণ কেনার জন্যে দশ হাজার টাকা দেয়ার যে বদান্যতা প্রদর্শন করেছেন, সেটা অনেক বড়ো কিছু। তার এ মানবিক কাজটি অসহায় আবুল খায়েরের জন্যে খুবই যথার্থ ও সময়োপযোগী সহায়তা হয়েছে। এখানে থেমে গেলেই চলবে না, আবুল খায়েরের মালামাল যে মাদকসেবীরা চুরি করলো, তাদেরকে যে করেই হোক শনাক্ত করার ব্যাপারে পুলিশকে তৎপর হতে হবে এবং স্থানীয় সচেতন মানুষগুলো পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। অন্যথায় চোরেরা আবুল খায়েরের মতো অন্যদেরকেও তাদের চুরির জন্যে টার্গেটে পরিণত করবে।




