প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৩:০৯
সাইপ্রাসে বাংলাদেশীর মৃত্যু

সাইপ্রাসে মো. আশরাফুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানী নিকোশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির রুমমেট আরমান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ আশরাফুলের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নিকোশিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালে রয়েছে। নিহত আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বালিয়াপাড়া দড়িকান্দি গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর ধরে সাইপ্রাসে বসবাস করছিলেন এবং পেশায় একজন বিল্ডিং রঙমিস্ত্রি ছিলেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আশরাফুল প্রবাস জীবনে বৈধ কাগজপত্র (ভিসা) না থাকায় দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি। বর্তমানে তার কাছে বৈধ পাসপোর্ট না থাকায় মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। সাইপ্রাসের কূটনৈতিক কার্যক্রম লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পরিচালিত হয়। ফলে সেখান থেকে প্রয়োজনীয় ‘এয়ারপোর্ট ছাড়পত্র’ ও ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার পরেই মরদেহ দেশে পাঠানো সম্ভব হবে। আশরাফুলের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্যে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি সহযোগিতা প্রার্থনা করেছে।








