প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১
বিডি ক্লিনের অনেক সুন্দর একটি কাজ

‘বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান : চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে নতুন রূপ’ শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠের দ্বিতীয় পৃষ্ঠায় একটি ছোট্ট সংবাদ পরিবেশিত হলেও সচেতন পাঠকমাত্রেরই সেটা নজর কেড়েছে। সংবাদটির বিবরণ হচ্ছে : দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, চাঁদপুর সদর উপজেলা টিম। তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশ এলাকায় অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) উপজেলার গুরুত্বপূর্ণ স্থান চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে ‘পরিচ্ছন্ন বাগান–১’ কর্মসূচির আওতায় পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণমূলক কাজও সম্পন্ন করা হয়। এটি তাদের নিজস্ব উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা জানান, এটি কেবল পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্রচেষ্টা। পুরো কর্মসূচি জুড়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলো সহমর্মিতা, ঐক্য ও দেশপ্রেমের এক অনন্য প্রকাশ। শুরু থেকে শেষ পর্যন্ত দলবদ্ধভাবে কাজ করে তারা স্থানটিকে নতুন রূপে সাজিয়ে তোলেন। বিডি ক্লিন চাঁদপুর টিমের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে আরও সচেতন করে তুলতে কাজ করা হবে। দিনশেষে এই আয়োজন শুধু একটি কর্মসূচির সমাপ্তি নয়, বরং একটি পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশের পথে নতুন এক সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাঁদপুর শহরের আলোচিত সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর চোখে যে চাঁদপুর কোর্ট স্টেশন পড়লো না, সেটিই চোখে পড়েছে ও গুরুত্ব পেয়েছে জাতীয় পর্যায়ের সংগঠন বিডি ক্লিন চাঁদপুর সদর উপজেলা শাখার নিকট। আমরা এ কাজটিকে নিঃসন্দেহে অনেক সুন্দর কাজ হিসেবে আখ্যায়িত করতে মোটেও দ্বিধা করছি না। চাঁদপুর শহরে আগন্তুকদের জন্যে, ভবঘুরে ও অবসরযাপনে আগ্রহী মানুষদের জন্যে একটু দাঁড়িয়ে/বসে সময় কাটানোর মোক্ষম জায়গা হচ্ছে চাঁদপুর কোর্ট স্টেশন। এখানে বাণিজ্যিক ভিত্তিতে কুমিল্লা, লাকসাম ও আখাউড়াসহ অন্যান্য স্টেশনের মতো পাবলিক টয়লেট করে দিলে এটি হতো সবচে’ বড়ো স্বস্তির জায়গা। পৌরসভা পাবলিক টয়লেট করতে আগ্রহী, কিন্তু তাদের নেই জায়গা। এমতাবস্থায় রেল কর্তৃপক্ষ পৌরসভার পাশে দাঁড়ানোর মতো ফুরসতই খুঁজে পাচ্ছে না। কারণ, ‘বনেদী ও সম্ভ্রান্ত’ রেল কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসন ও পৌরসভা কেউ যোগাযোগ করছে না। রেলের পরিচ্ছন্নতা কর্মীরা চাঁদপুর কোর্ট স্টেশনকে পরিচ্ছন্ন রাখার নিয়মিত দায়িত্বও সঠিকভাবে পালন করছে না। এমতাবস্থায় বিডি ক্লিন সীমিত সামর্থ্যে যা করলো, তা খুবই যথার্থ। তাদের ফুল বাগান করার উদ্যোগটি যদি সফল হয়, তাহলে কোর্ট স্টেশনটিকে দেখতে আগের চেয়ে অনেক ভালো লাগবে। এ ক্ষেত্রে ‘ক্লিন চাঁদপুর’ বিডি ক্লিনের পাশে দাঁড়াতে পারে।
বিডি ক্লিন পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখে ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠা লাভ করে। তাদের শ্লোগান ‘শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার’। আমরা মনে করি, বিডি ক্লিনের চাঁদপুর সদর উপজেলা শাখা চাঁদপুর কোর্ট স্টেশনকে পরিচ্ছন্ন ও সুন্দর করার যে উদ্যোগ শুরু করেছে, শেষ করার দায়িত্ব ‘ক্লিন চাঁদপুর’ সহ অন্য কোনো সংগঠন কিংবা সচেতন কোনো ব্যক্তি সেটা পালন করুক-সেটাই আমাদের প্রত্যাশা।




