প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৭
মোলহেড, মিলনস্থল না মোহনা?

যারা ভূগোল বিষয়ে ছোট-বড় ডিগ্রিধারী, বাংলা ভাষার প্রতিটি শব্দের অর্থ বুঝে বাক্যে প্রয়োগ করেন, তারা কখনও নদীর মোলহেড, মিলনস্থল ও মোহনাকে গুলিয়ে ফেলেন না। তিনটির ভিন্ন অর্থ রয়েছে। যেমন-’মোলহেড’ শব্দটি ইংরেজি ‘Molehead’ থেকে এসেছে, যা নদী ভাঙ্গনরোধে পাথর বা কংক্রিটের তৈরি শক্ত প্রাচীরকে বোঝায়। চাঁদপুর রেলওয়ে স্টেশন, যেটি বড় স্টেশন নামে সমধিক পরিচিত ও মুখে মুখে উচ্চারিত, সেটির পশ্চিমাংশের পুরোটাতেই রয়েছে এমন ‘মোলহেড’। নদী-ভাঙ্গন প্রতিরোধে নির্মিত চাঁদপুর শহর রক্ষা বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ‘মোলহেড’। মোলহেড সংলগ্ন দক্ষিণ দিক দিয়ে ডাকাতিয়া নদীর স্রোতধারা এসে মেঘনা নদীতে মিলিত হয়েছে। আর পশ্চিম-উত্তর দিক দিয়ে কিছুটা দূরবর্তী স্থানে পদ্মা নদীর মূল স্রোতধারা মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। তিন নদীর মিলনস্থলে অবস্থিত ‘মোলহেড’ এখন চাঁদপুরের প্রধান পর্যটন ও বিনোদন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘুরতে আসেন। বিশেষ করে প্রতিদিন বিকেলে এবং উৎসব-পার্বণে ‘মোলহেডে’ উপচেপড়া ভিড় দেখা যায়।
|আরো খবর
বড় স্টেশন মোলহেডকে পুরানো শহরবাসী ও চারপাশের সন্নিহিত এলাকার লোকজন ‘ঠোঁডা’ বলেই বেশি চিনে ও বলে থাকে। এ ‘মোলহেড’কে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল না বলে অনেক শিক্ষিত, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা সহ অধিকাংশ লোকজন তিন নদীর মোহনা বলে চালিয়ে দেন। এ মোহনা বলতে কী বোঝায়? নদী যেখানে সাগরে, মহাসাগরে, উপসাগরে বা হ্রদে পতিত হয়ে তার প্রবাহপথ সমাপ্ত করে, তাকে মোহনা বলে। এটি মূলত নদী ও সাগরের মিলনস্থল, যেখানে জোয়ার-ভাটার প্রভাব থাকে এবং অত্যন্ত বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের আধার।
চাঁদপুর বড় স্টেশন ‘মোলহেড’ এলাকায় মেঘনার সাথে ডাকাতিয়া এবং পদ্মা নদী এসে মিলিত হয়েছে। মেঘনা তো সাগর নয় যে, এখানে এর সাথে ডাকাতিয়া ও পদ্মা নদী মিলিত হয়েছে বলে চাঁদপুরে এ দুটি নদীর মোহনা অবস্থিত-এটা বলা আভিধানিক অর্থে ঠিক হবে । তবে অর্থ না বুঝে বা অভিধানকে এড়িয়ে কেউ কেউ চাঁদপুরের মোলহেড এলাকাকে বড়োজোর ডাকাতিয়া ও পদ্মা নদীর মোহনা বলতে পারে। কিন্তু মেঘনা নদীর মোহনা তো কোনোভাবেই বলতে পারে না। সে যুক্তিতে ‘মোলহেড’কে তিন নদীর মোহনা বলা যাবে না, বললে সেটা ভুল হবে। এ ভুল নিয়ে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং করার সময় জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় ও ব্র্যান্ডিং প্রকাশনার প্রাক্কালে অনুষ্ঠিত সভায় আলোচনা হয়েছে। তাতে বলা হয়েছে, চাঁদপুর শহরের বড় স্টেশন ‘মোলহেড’ হচ্ছে তিন নদীর মিলনস্থল, তিন নদীর মোহনা নয়। সাম্প্রতিক সময়ে দেখলে ও শুনলে খারাপ লাগে, যখন সরকারি কোনো কর্মকর্তা ‘মোলহেড’কে তিন নদীর মোহনা বলে চালিয়ে দেন। আর গণমাধ্যমেও সেভাবেই সেটি প্রকাশিত হয়।
প্রসঙ্গত মেঘনা নদীর মোহনা চাঁদপুর ব্যতীত অন্য কোথায় সেটি উল্লেখ করতেই হয়। মেঘনা নদীর মূল মোহনা ভোলা জেলায় অবস্থিত। যেখান থেকে নদীটি তেঁতুলিয়া, শাহবাজপুর, হাতিয়া ও বামনী এ চারটি প্রধান পথে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এমন তথ্যের পরও যদি মেঘনার মোহনা হিসেবে চাঁদপুর বড় স্টেশন মোলহেড সংলগ্ন স্থানকে বলা হয় ও লিখা হয়, তাহলে সেটা জোর করে ঠেকানো যাবে না। তবে দায়িত্বশীল কর্তাব্যক্তিগণ বা জনপ্রতিনিধি কর্তৃক চাঁদপুর বড় স্টেশনস্থ ‘মোলহেড’ এলাকাকে তিন নদীর মোহনা বলা সমীচীন হবে না-এ ব্যাপারে স্পষ্টত অভিমত ব্যক্ত করা যায়।




