সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮

সড়কের দুপাশে দখলদারিত্ব প্রসঙ্গে

অনলাইন ডেস্ক
সড়কের দুপাশে দখলদারিত্ব প্রসঙ্গে

ফরিদগঞ্জ উপজেলার বহু স্থানে সড়কের পাশ দখল করে গাছ ফেলে রেখেছে গাছ ব্যবসায়ীরা। যার ফলে যানবাহন চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কে উভয় দিকের গাড়ি গাছ ফেলে রাখা স্থানের মাঝামাঝি বরাবর গেলে যানজট লেগে যায়। দুর্ঘটনাও ঘটে থাকে। এ সংক্রান্ত একটি ছবি চাঁদপুর কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক সোহাঈদ খান জিয়া গত শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) পরিবেশন করেছেন, যেটি ১ম পৃষ্ঠার উপরে খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। ফরিদগঞ্জের চান্দ্রা বুলু ডাক্তার ব্রিজ ও চান্দ্রা বাজারের মধ্যবর্তী স্থান থেকে তোলা ছবিতে সড়কের যানজট পরিস্থিতি অনুধাবন করতে কারো অসুবিধা হয় না। আমাদের দেশের সর্বত্র যতো সড়ক আছে তার মধ্যে জাতীয় মহাসড়ক ছাড়া আঞ্চলিক মহাসড়ক, জেলা ও উপজেলা সংযোগ সড়কসহ গ্রামীণ সড়কগুলো কোথাও না কোথাও কম-বেশি দখলদারিত্বের শিকার হয়ে আছে। আর পায়ে হাঁটার ফুটপাত তো পথচারীর জন্যে পুরোপুরি দখলমুক্ত থাকার নজির সারাদেশে বিরলই বটে। অধিকাংশ সড়কের ফুটপাত ভ্রাম্যমাণ হকার ও দোকানদারদের দ্বারা নিত্যই দখল হয়ে থাকে। কালেভদ্রে এরা উচ্ছেদের শিকার হয়। উচ্ছেদের স্বল্প সময়ের মধ্যে এরা আবার দখলদারিত্ব কায়েম করে। সড়কের পাশে স্থায়ীভাবে গাড়ি পার্কিং করে রাখা, মালামাল লোড ও আনলোড করা, বিভিন্ন মালামাল, যেমন বাঁশ, কাঠ, গাছের গুঁড়ি রেখে বিক্রি করা মোটেও বৈধ নয়। কিন্তু এ অবৈধতার জন্যে আইনগত প্রতিরোধের ঘটনা নেই বললেই চলে। যে কারণে সড়কে যানজট টেকসইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা গেলেও সড়কের দুপাশের ও ফুটপাতের দখলদারিত্ব যেখানে যেখানে থাকে, সেখানে সেখানে যানজট নিরসনই করা যায় না। এ ব্যাপারে ফরিদগঞ্জ শুধু নয়, চাঁদপুর জেলাসহ দেশের সর্বত্র প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেয়া দরকার বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়