প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:২৬
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে ২০২৬)। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও এদিন উদযাপিত হবে ঈদুল আজহা। সোমবার (২৫ মে ২০২৬) থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। রোববার ছিলো সরকারি অফিস আদালতের সর্বশেষ কর্মদিবস। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে মানুষজন পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করতে লঞ্চ, বাস ও ট্রেনযোগে বাড়ি-ঘরে ফিরছে। সে জন্যে লঞ্চ, বাস ও ট্রেনে ভিড় লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার থাকবে উপচেপড়া ভিড়। তবে এবার ঈদের আগে দুদিন বেশি ছুটি পাওয়ায় মানুষ অন্যান্য সময়ের তুলনায় কিছুটা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে।
|আরো খবর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকুরিজীবীদের টানা সাতদিনের সরকারি ছুটি ইতোমধ্যে শুরু হয়েছে। রোববার (২৪ মে ২০২৬) ছিলো শেষ কর্মদিবস। তাই চাকুরিজীবীরা এদিন বিকেল থেকেই কর্মস্থল ছাড়তে শুরু করেছেন। তারা পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে ছুটছে নাড়ির টানে। এই ঈদের সাথে পশু কোরবানির বিষয়টি সম্পৃক্ত। তাই সামর্থ্যবানরা এ ঈদে হালাল পশু কোরবানি দেবেন। কোরবানির পশুর হাটে ভিড় দেখা যাচ্ছে বরাবরের মতোই।
চাঁদপুর জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে ঈদের প্রধান প্রধান জামাত আয়োজন হওয়ার বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা ইতোমধ্যে হয়ে গেছে। ঈদ জামাতের সময়সূচিও নির্ধারণ হয়ে গেছে। ঈদগাহগুলোও প্রস্তুত করা হয়েছে। তবে ঈদের দিন অথবা আগে বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহে নামাজ পড়া সম্ভব না হলে নিকটস্থ মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ঈদ প্রস্তুতিতে চলছে উৎসবের আমেজ।
ডিসিকে/ এমজেডএইচ







