প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:১৩
মুন্সিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ দানেশ শিকদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ দানেশ শিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ৮টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, নিকটাত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার
বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
বাদ জোহর আল-আমিন বাজারের আলোর দিশারী ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে শ্রীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে এই গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
প্রশাসনের শোক ও সমবেদনা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম রব্বানী বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ দানেশ শিকদারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি
মরহুম সিদ্দিক উল্লাহ দানেশ শিকদার স্থানীয়ভাবে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি বাঘড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান তালুকদার রিপনের ভগ্নিপতি।
জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাঘড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লি।
জানাজা শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ডিসিকে /এমজেডএইচ








