প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২২:০৫
বাকিলা বাজারে সড়কে গাছের গুঁড়ি, দু কাঠ ব্যবসায়ীকে জরিমানা

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বড় বড় গাছের গুঁড়ি ফেলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দু কাঠ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
অভিযানে কাঠ ব্যবসায়ী মো. আলমকে ১০ হাজার টাকা এবং মো. জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা সড়ক ও জনপথের আইন অনুযায়ী এ ব্যবস্থা নেন।
অভিযানকালে তাদের নির্দেশ দেওয়া হয়, এক ঘণ্টার মধ্যে সড়কের ওপর রাখা গাছের বড় বড় গুঁড়িগুলো সরিয়ে নিতে হবে। অন্যথায় জব্দ করা গাছের গুঁড়িগুলো নিলামে বিক্রি করা হবে। পরে উভয় ব্যবসায়ীই প্রশাসনের নির্দেশনা মেনে গুঁড়িগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানান।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বলেন, “যে আইন ভঙ্গ করবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটি তারই অংশ। আইন সবার জন্যে সমান।”
অভিযান পরিচালনায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের সার্বিকভাবে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, সড়কের ওপর কাঠের বড় বড় গুঁড়ি ফেলে রাখায় দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিলো। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান।
স্থানীয়দের প্রত্যাশা, জনসাধারণের চলাচলের সড়ক দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা অবৈধভাবে মালামাল রাখার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।








