প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪:১৪
হাজীগঞ্জে যৌতুক মামলায় জনস্বাস্থ্য প্রকৌশলের মেকানিক গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রাসেল মল্লিককে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
|আরো খবর
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছর রাসেল মল্লিকের বিরুদ্ধে তার স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি মামলা (সিআর নম্বর : ৬৯৮/২৬) দায়ের করেন। ওই মামলায় রাসেল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরবর্তীকালে আদালতের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) অভিযুক্ত রাসেল মল্লিককে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর মান্নান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করে চাঁদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
ছবি ক্যাপশন : হাজীগঞ্জে যৌতুক মামলায় গ্রেপ্তার হওয়া রাসেল মল্লিক। ছবি : চাঁদপুর কণ্ঠ








