প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৪১
শ্রীনগরে রঙ করার পদ্ধতি নিয়ে দ্বন্দ্বে দুই রঙমিস্ত্রির সংঘর্ষ, সালিসে মীমাংসা

|আরো খবর
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিল্ডিংয়ের দেয়ালে রঙ করার পদ্ধতি নিয়ে তুচ্ছ ঘটনার জেরে দুই রঙমিস্ত্রির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে ঢাকা-দোহার সড়কের জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বাড়িওয়ালা তার ভবনে রঙ করার আগে দেয়াল পরিষ্কারের প্রয়োজন আছে কি না তা রঙমিস্ত্রি আইয়ুব আলীর কাছে জানতে চান। জবাবে আইয়ুব আলী দেয়াল পরিষ্কার না করেই রঙ করা যাবে বলে জানান। তবে অপর রঙমিস্ত্রি মিরহাস এতে দ্বিমত পোষণ করে জানান, দেয়াল আগে ভালোভাবে পরিষ্কার করে তারপর রঙ করতে হবে।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আইয়ুব আলীর দুই ছেলে মিরহাসের ওপর চড়াও হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে বিষয়টি মীমাংসার লক্ষ্যে স্থানীয়ভাবে এক সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ খান, মোহাম্মদ রতন শেখ, আব্দুল কাদের মৃধা, মোহাম্মদ আবু হানিফা প্রমুখ।
বৈঠকে সালিসকারীরা সর্বসম্মতিক্রমে উল্লেখ করেন, ভুল বোঝাবুঝি থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আর কখনও এ ধরনের সংঘর্ষে না জড়ানোর শর্তে উভয় পক্ষকে সতর্ক করা হয়। পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে উভয় পক্ষই দুঃখ প্রকাশ করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে।
ডিসিকে/ এমজেডএইচ








