প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২০:১৬
শাহরাস্তিতে পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজি মামলায় চারজন গ্রেফতার

শাহরাস্তিতে ইতালি প্রবাসী এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
|আরো খবর
গ্রেফতারকৃতরা হলেন : উপজেলার বলশিদ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩০), আবুল বাশারের ছেলে কামাল হোসেন ওরফে সোহেল (৩০) ও সিয়াম (২৯) এবং মিজানুর রহমানের ছেলে মো. রুবেল (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বলশিদ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে ইতালি প্রবাসী মো. আলাউদ্দিন মিয়াজীর কাছে অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে চলতি বছরের ২৬ এপ্রিল শাহরাস্তি আমলী আদালতে সিআর মামলা নং-১২৯/২৬ দায়ের করেন।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলাকায় উচ্ছৃঙ্খল ও বখাটে হিসেবে পরিচিত এবং বিভিন্ন সময় মার্কেটসহ এলাকায় প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতেন। এরই ধারাবাহিকতায় আলাউদ্দিনের কাছেও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে মামলায় অভিযোগ রয়েছে।
মামলার প্রেক্ষিতে আদালত থেকে আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) তারা ৪জন আদালতে হাজিরা দিতে আসলে তাদের ৪জনকে গ্রেফতার করা হয়। পরে এদিন বিকেলে তাদেরকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
ছবি ক্যাপশন : শাহরাস্তিতে চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃত শাহাদাত হোসেন, কামাল হোসেন ওরফে সোহেল, সিয়াম ও মো. রুবেল।






