প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০:০৮
ভোক্তা অধিদপ্তরের অভিযান
ফার্মেসিতে বিনামূল্যের সিরিঞ্জ মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ইনজেকশন সিরিঞ্জ ফার্মেসিতে সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
রোববার (৯ আগস্ট ২০২৬) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় বিভিন্ন ফার্মেসি, সার্জিক্যাল শপ ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সেভ দ্য চিলড্রেনের বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা ইনজেকশন সিরিঞ্জ ফার্মেসিতে সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মেসার্স ঘোষ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে ৫৩টি ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সিরিঞ্জ পরবর্তীতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে জমা দেয়া হবে, যাতে সেগুলো বিনামূল্যে বিতরণ করা যায়। এছাড়া অভিযানের অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মার্কেটের অন্যান্য ফার্মেসি, সার্জিক্যাল শপ ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।








