প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৭:০২
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার ও ছোট সুন্দর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদ ও উৎপাদনের তারিখ উল্লেখ না করার অপরাধে 'আনন্দ বেকারি' নামক একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মহামায়া বাজার ও ছোট সুন্দর বাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আনন্দ বেকারিতে গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া উৎপাদিত খাবারে কোনো ধরনের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা ছিলো না।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আনন্দ বেকারি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযান চলাকালে স্থানীয় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








