বুধবার, ০৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:৫০

পুরাণবাজারে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

মজুতদারের বিরুদ্ধে আদালতে মৎস্য বিভাগের মামলা।। পিবিআইকে তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক।।

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় উদ্ধার হওয়া প্রায় ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল মজুদের ঘটনায় দায়ের করা মামলায় প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চাঁদপুরকে তদন্তের নির্দেশ দিয়েছেন সদর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। বুধবার (৮ জুলাই ২০২৬) আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দাখিল করা লিখিত নালিশ পর্যালোচনা করে আদালত এ আদেশ প্রদান করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জুন ২০২৬ বিকেল ৫টার দিকে চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার সংলগ্ন ১ নম্বর ঘাট এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাইনবোর্ডবিহীন দোকান থেকে প্রায় ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল ধ্বংস করা হলেও প্রকৃত মালিক এবং অবৈধ জাল ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের আবেদন জানানো হয়।

আদালত আদেশে উল্লেখ করেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২)(ক) ধারায় নিষিদ্ধ জাল মজুদ ও বিপণনের অপরাধের উপাদান বহন করে। আইন অনুযায়ী এ অপরাধের শাস্তি সর্বোচ্চ তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড।

এছাড়া অভিযোগে অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয় উল্লেখ থাকায় প্রকৃত মালিক এবং অবৈধ জাল মজুদ ও বিপণন চক্রের সঙ্গে জড়িত সকল ব্যক্তির পরিচয় উদ্ঘাটন প্রয়োজন বলে আদালত মত প্রকাশ করেন।

এ প্রেক্ষাপটে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ, অবৈধ জাল মজুদ ও বিপণনের সঙ্গে জড়িত সকল ব্যক্তির সম্পৃক্ততা নিরূপণ এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহপূর্বক ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চাঁদপুরকে নির্দেশ দেয়া হয়েছে।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যে আগামী ৯ আগস্ট ২০২৬ তারিখ নির্ধারণ করেছে আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়