প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২২:৩৮
মতলব উত্তরে দুই অবৈধ ড্রেজার মালিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড

মতলব উত্তর উপজেলায় অবৈধ পাইপলাইন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২জন অবৈধ ড্রেজার মালিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
|আরো খবর
রোববার (৫ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ড্রেজার দিয়ে বালু পরিবহন ও সরকারি রাস্তার ক্ষতি করে রাস্তার উপর দিয়ে পাইপের মাধ্যমে নির্গমন বন্ধের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
অভিযানকালে ২জন অবৈধ ড্রেজার মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সড়কে থাকা পাইপসমূহ অপসারণ করা হয় এবং অপরাধীদের অতি দ্রুত সার্ভে সনদ গ্রহণের জন্যে নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু পরিবহন ও সরকারি রাস্তার ক্ষতি করে রাস্তার ওপর দিয়ে পাইপের মাধ্যমে বালু পরিবহন বন্ধের লক্ষ্যে বিশেষ অভিযান করা হয়েছে। জনদুর্ভোগ ও সরকারের নির্দেশ উপেক্ষিত যে কোনো কাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







