বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২৩:০৩

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস দিলেন স্ত্রী

ফরিদগঞ্জ ব্যুরো।।
প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস দিলেন স্ত্রী

সৌদি আরবে থাকা স্বামীর সাথে ঝগড়া করে ১৯ মাস বয়সী একমাত্র শিশুপুত্রকে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ। সীমা আক্তার ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী ও কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে। বুধবার (১ জুলাই ২০২৬) দুপুরে সীমার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই ২০২৬) দুপুরের দিকে সীমা আক্তারকে বাবার বাড়ির বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত সীমার ভাই মানিক হোসেন জানান, তিন বছর আগে চরকুমিরা গ্রামের মিজানুর রহমানের ছেলে নবীর হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সীমার। তাদের ১৯ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। স্বামী সৌদিতে থাকে। গত ক'দিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিলো। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত এবং বুধবার সকালেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়।

মানিক হোসেন অভিযোগ করেন, সীমাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মানসিকভাবে নির্যাতন করছিলেন। তিনি বলেন, আমার বোনকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়