প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৪৪
কচুয়ায় ক্লুলেস হত্যাকাণ্ডের মূল আসামি লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার

কচুয়ায় বৃদ্ধা ফাতেমা বেগম হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের ঘর থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
|আরো খবর
রোববার (২৮ জুন ২০২৬) গভীর রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. ইয়াছিন মিয়াজি (২২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াছিন মিয়াজি ওই গ্রামের মো. বগু মিয়াজির ছেলে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইয়াছিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালঙ্কার তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড ছিলো। তবে আমাদের কঠোর তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। কচুয়ায় কোনো অপরাধী পার পাবে না, অপরাধ দমনে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আজ আদালতে সোপর্দ করা হবে।







