প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২২:০৯
সড়ক বিভাগের ভূমি দখলে।। আদালতের স্বতঃপ্রণোদিত মামলা
চাঁদপুর-রায়পুর সড়কের সরকারি ভূমি অবৈধভাবে দখল ও বালু ফেলে ভরাটের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সদর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়ো মোটো) মামলা গ্রহণ করেছেন।
|আরো খবর
রোববার (২৮ জুন ২০২৬) জারিকৃত আদেশে উল্লেখ করা হয়, 'চাঁদপুর প্রতিদিন' পত্রিকায় ২৫ জুন ২০২৬ তারিখে প্রকাশিত 'চাঁদপুরে অবৈধভাবে সড়কের জায়গা দখল' শীর্ষক সংবাদ আদালতের দৃষ্টিগোচর হওয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে মামলাটি রুজু করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট প্রাথমিক পর্যবেক্ষণে উল্লেখ করেন যে, সংবাদে বর্ণিত তথ্য অনুযায়ী সড়ক বিভাগের সরকারি ভূমি অবৈধভাবে দখল ও বালু ফেলে ভরাটের মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ও ১২ ধারার অধীন অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। অপরাধটি আমলযোগ্য (Cognizable) হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১)(গ) ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে গ্রহণ করেন।
অপরাধের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে অবৈধ দখল ও ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গের পরিচয় এবং অপরাধের অন্যান্য তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, চাঁদপুরকে তদন্ত করে ২১ (একুশ) দিনের মধ্যে আদালতে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এছাড়া চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৫ জুন ২০২৬ তারিখে চাঁদপুর প্রতিদিনে প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় চাঁদপুর-রায়পুর সড়কের পাশে সরকারি ভূমি অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হয়েছে। সংবাদ প্রকাশের পর আদালতের এ স্বতঃপ্রণোদিত উদ্যোগ সরকারি ভূমি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।








