প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৩:৫১
কচুয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল গ্রামে আফরোজা বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কাদিরখিল গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী পাঁচমাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগম (২২) মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে মারধরের শিকার হন। তার স্বামী আব্দুল হাকিম, শাশুড়ি সালেহা বেগম এবং স্বামীর মামা ফারুক হোসেন পারিবারিক কলহের ধরে আফরোজা বেগমকে বেধড়ক মারধর করে বাড়ির উঠানে ফেলে রাখে।
আফরোজা বেগমের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্তরা তাদের ওপরও চড়াও হয় বলে আফরোজার মামা নাজমুল জানান। তিনি জানান, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে কচুয়া থানা পুলিশের মাধ্যমে সংজ্ঞাহীন অবস্থায় আফরোজা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্যে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে আফরোজা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে।








