প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০:১৪
নির্জন ঘরে গলায় ফাঁস দিল কিশোরী

ঘরের সকলে যখন বাইরে, তখন নির্জন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো খাদিজা আক্তার (১৬) নামে এক কিশোরী।
|আরো খবর
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খাদিজা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহআলম বলেন, দুপুরে খাদিজাকে বাড়িতে রেখে তার মা ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যা ৬টার সময় তিনি বাড়িতে এসে দেখেন, তার মেয়ে নিজেদের বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এ সময় তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে খাদিজা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








