প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭
ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
|আরো খবর
মামলার বাদী স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) এম. এ. হান্নানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান সমর্থিত নেতাকর্মীরা উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানসহ অন্তত ১৫-২০ জন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খাজুরিয়া এলাকার কালু মেম্বার (৫৫), ইসমাইল (৫০), মো. সোহেল (২৮), মো. রাসেল মিজি (২৭) ও রাইসুল আখন (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খাজুরিয়া এলাকায় সংঘটিত হামলার ঘটনায় মঞ্জিল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, চলমান নির্বাচনে কেউ সহিংসতায় জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।








