প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫৮
উদীয়মান নাট্যনির্দেশকদের কর্মশালায় আলমগীর হোসেন পাটওয়ারীর অংশগ্রহণ

সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজনের নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পঁাচদিনব্যাপী বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে চঁাদপুর থেকে অংশগ্রহণ করেছেন অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক, নাট্যমঞ্চের অভিনেতা ও উদীয়মান নাট্যনির্দেশক মো. আলমগীর হোসেন পাটওয়ারী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিলো নতুন নাটক, নতুন সময় ও মঞ্চে জাগুক মানুষের কথা।
গত ১৫ জুন থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালার শিরোনাম ছিলো সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজন দর্শন, নন্দন ও কৃতকৌশল। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। কর্মশালার উদ্বোধনী স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
কর্মশালার মুখ্য প্রশিক্ষক ছিলেন শাহমান মৈশান। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. রেজা আরিফ, আজাদ আবুল কালাম, ফয়েজ জহির, শুভাশিস সিনহা এবং ড. ইউসুফ হাসান অর্ক।
কর্মশালায় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার নাট্যদলের নাট্যনির্দেশক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদীয়মান নাট্যনির্দেশকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে চঁাদপুর থেকে অংশগ্রহণকারী অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক, নাট্যমঞ্চের অভিনেতা ও উদীয়মান নাট্যনির্দেশক মো. আলমগীর হোসেন পাটওয়ারী বলেন, সমকালীন সমাজবাস্তবতা, মানবিকতা বোধ, ইতিহাসচেতনা ও শিল্প-অন্বেষণের বহুমাত্রিক প্রকাশের অন্যতম মাধ্যম মঞ্চনাটক। নাট্যপ্রদর্শনীর মাধ্যমে নাটকের সংগীত, ঐতিহ্য ও নাট্যসংস্কৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরা সম্ভব। তিনি বলেন, এ ধরনের কর্মশালা সৃজনশীল চর্চার প্রসার ঘটানোর পাশাপাশি নতুন নাট্যপ্রযোজনা নির্মাণে তরুণ নির্দেশকদের আরও অনুপ্রাণিত ও সমৃদ্ধ করবে।








