প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭
পরাণ পাখির টানে মেঘনা পাড়ে ফিরবেন মিলন খান

দেশের অন্যতম খ্যাতিমান গীতিকার মিলন খান চাঁদপুরের মেঘনা পাড়ের কৃতী সন্তান। থাকতেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায়। কৃষি বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন কচুয়ার আশেক আলী খান স্কুল ও কলেজে। তাঁর মমতাময়ী মা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আয়েশা বেগমের মৃত্যুর পর তিনি চাঁদপুর শহর ছেড়ে রাজধানী ঢাকায় চলে যান। এ যাওয়ার পেছনে গানের টানটাই ছিলো বেশি। মিলন খানেরা তিন ভাই ও এক বোন। তাঁর বড়ো ও ছোট ভাই দুজনই আমেরিকা প্রবাসী। তাঁর বোন ও তিনি ঢাকার বাসিন্দা। চাঁদপুরে ‘আশু কুঞ্জ’ নামে তাঁদের প্রফেসর পাড়ার বাড়িটি বিক্রি হয়ে যায় বহু বছর আগেই। এ কারণসহ আরো কিছু কারণে তাঁর চাঁদপুর আসা হচ্ছিলো না। লুকিয়ে চাঁদপুরের শ্বশুর বাড়িতেও আসেন নি। ক’বছর আগে তিনি তাঁর লিখিত গানেই এর কারণ বিশ্লেষণ করেছেন এভাবে--মেঘনা পাড়ে যাবো নারে গাইবো না আর গান/ বাউলের অন্তরেতে অনেক অভিমান। সম্প্রতি তাঁর সহপাঠী বন্ধুরা তাঁর অভিমান ভাঙ্গাতে সক্ষম হয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মেঘনা পাড়ে ফিরে আসবেন। সেজন্যে তাঁর লিখিত নূতন গান হচ্ছে--মেঘনা পাড়ে যাবো ফিরে লিখবো নূতন গান/ বাউলের এই অন্তরেতে পরাণ পাখির টান।








