প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮
ধারাবাহিক স্মৃতিকথা
বড়বেলার স্কুলজীবন

(পূর্ব প্রকাশিতের পর)
আজকাল বই পড়ার খুব একটা হুজুগ মাথায় চেপে বসেছে। সেটা খুব দারুণভাবে উপভোগ করছি। কী বই পড়বো ঠিক করতে পারছি না। হঠাৎ মনে পড়লো আমার একজন সিনিয়র সহকর্মীর কথা। আমি স্যারের কথা শুনেছি আমার বন্ধু পান্নার কাছে। তিনি একজন শিক্ষিকা। কোনো একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন, সেই প্রোগ্রামে আমার সিনিয়র স্যার একটা বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতা শুনে বন্ধু পান্না মুগ্ধ। আমার সাথে ফোনে সেই গল্প করছিলেন। স্যারের কথা শুনে তাঁর মনে হয়েছে অনেক পড়াশোনা না করলে কেউ এভাবে কথা বলতে পারে না। আমি খুবই আগ্রহ পেলাম স্যারের সাথে যোগাযোগ করার। ওয়েবসাইট থেকে বন্ধু পান্না আমাকে স্যারের ছবি পাঠালেন। স্যারের নাম লিখে ফেসবুকে সার্চ দিলাম। ওয়েবসাইটের ছবি আর নাম মিলে স্যারকে ফেসবুকে পেয়ে গেলাম। আশ্চর্যজনকভাবে স্যার আমার ফ্রেন্ডলিস্টে আছেন। স্যার বর্তমানে যেখানে কর্মরত আছেন সেখানে একসময় আমিও কর্মরত ছিলাম, তাই মনে হচ্ছিলো আমার স্যারের সাথে যোগাযোগ করার একটা আলাদা অধিকার আছে। স্যারকে ঐদিন আমার পরিচয় দিয়ে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছিলাম। স্যার সেই মেসেজের উত্তরও দিয়েছিলেন। অসম্ভব সজ্জন ব্যক্তি মনে হয়েছে স্যারকে। আজ বইয়ের কথা যখন ভাবছিলাম তখন স্যারের কথা মনে পড়লো। যেই ভাবা সেই কাজ। স্যারকে সালাম জানিয়ে মেসেজে লিখলাম, আমার জন্য পড়া উচিত মনে করেন এমন কোনো বইয়ের নাম যদি আমাকে দিতেন, তাহলে আমি পড়তাম, স্যার। কয়েক মিনিট পরেই স্যার আমার মেসেজের উত্তর দিলেন এবং তিনটি বইয়ের নাম দিলেন। আমিও সাথে সাথে বইগুলো জোগাড় করার চেষ্টা করছি। এর মধ্যে একটা বই আমি আগেই পড়েছি। দুইটা বই জোগাড় করে ফেললাম। আর পড়া শুরু করে দিয়েছি ‘এডিবল ইকোনমিক্স’, লিখেছেন হা-জুন ছ্যাং। পড়তে দারুণ লাগছে। আমি যেহেতু কোরিয়ায় আছি আর বইয়ের শুরুতে কোরিয়ার খাবার-দাবার নিয়ে লিখা তাই বেশ আকৃষ্ট হয়েছি। বিশেষ করে কোরিয়ান খাবারের সাথে পৃথিবীর অন্যান্য দেশের খাবারের এতো সুন্দর বর্ণনা, এর সাথে বিভিন্ন দেশের মানুষের অর্থনীতির সাথে সম্পর্ক দারুণভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। কিমচি, ঢেঁড়শ, নারকেল, নুডুলস, পাস্তা এসব নিয়ে বইটিতে বলা হয়েছে। নারকেল আমার ভীষণ প্রিয়। বিশেষ করে ডাবের পানিকে আমার কাছে পৃথিবীর সেরা পানীয় মনে হয়। নারকেলের নাড়ু আমার ভীষণ প্রিয়। আমার বাচ্চাদের বাসায় যে শিক্ষিকা পড়ান তিনি হিন্দু ধর্মাবলম্বী। পূজার সময় তার কাছে সব সময় আমার বড় মেয়ের আবদার থাকে নারকেলের নাড়ুর। আমারও একই। বই পড়ে ডাবের পানি আর নারকেলের নাড়ু খাওয়ার জন্য মন আকুপাকু করছে কিন্তু এগুলো খাওয়ার সুযোগ নেই এখন। তবে নুডুলস যাকে কোরিয়ায় রামেন বলা হয় সেটা খাওয়া যেতে পারে। রুমে রামেন আছে, তাই বই পড়ায় বিরতি দিয়ে চলে গেলাম রামেন বানাতে। প্যাকেট রামেন, বানাতে সর্বসাকুল্যে ৫ মিনিট সময় লেগেছে। রামেন খাচ্ছি আর বই পড়ছি। এবার বইয়ে এসেছে গরুর মাংসের কথা। আমার আরেকটি প্রিয় খাবার। এখন কী করি! বই পড়বো নাকি পছন্দের খাবার নিয়ে ভাববো! লেখক প্রত্যেকটি খাবার, খাবারের উৎপাদনস্থল, খাবারের পুষ্টিমূল্য, অর্থনীতির সাথে সম্পর্ক এমনভাবে বর্ণনা করেছেন, অতুলনীয়। বই পড়ছি আর স্যারের প্রতি মনে মনে কৃতজ্ঞতা জানাচ্ছি। এতো অসাধারণ একটি বই পড়ার পরামর্শ দানের জন্য। আজ রাতেই আমি এই বই পড়ে শেষ করে ঘুমাবো, মনে মনে এই প্রতিজ্ঞা করেছি। তবে মনে হচ্ছে বইটি একবার পড়লে হবে না, আবার পড়তে হবে। রামেন খাচ্ছি আর বই পড়ছি। অনন্য অভিজ্ঞতা। তবে এক প্যাকেট রামেন একবারে খাওয়া আমার জন্য বেশ কষ্টসাধ্য।
আমার অফিসে যেতে বরাবরই ভীষণ ভালো লাগে। প্রতিদিন সকালে যখন অফিসে যাওয়ার জন্য বের হই তখন আমার কাছে ঈদ ঈদ লাগে। প্রতিদিন অফিসে যেতে যে ভালোলাগা সেই ভালোলাগাটা তীব্রভাবে মিস করছি। আজ মনটা খুব অস্থির লাগছে, মনে হচ্ছে দেশে চলে যাই।
আজকাল ফোন চুম্বকের মতো কাজ করে। হাতকে মনে হয় লোহা, চুম্বকের দিকে বারবার চলে যায়। বই পড়তে পড়তে হাত চলে গেলো মেসেঞ্জারে। এক পরিচিত জন, ইলিশের বাড়ি চাঁদপুরে তাঁর বাড়ি। তার প্রিয় একটি রবীন্দ্র সংগীত পাঠিয়েছেন। আমাকে গাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। গানটি আমারও বেশ প্রিয়, কিন্তু পুরোটা কখনো গাওয়া হয় নি। ইউটিউবে গিয়ে রবীন্দ্র সংগীতটি শুনলাম বিভিন্ন শিল্পীর কন্ঠে।
‘তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা, মমশুণ্য গগনবিহারী ,
আমি আপন মনের মাধুরি মিশায়ে তোমারে করেছি রচনা।’
এডিবল ইকোনোমিক্স আবার পড়ছি। এবার কলা, রাই, কোকা-কোলা এইগুলো এডিবল জিনিস পড়লাম। কোকা-কোলা নিয়ে মজার তথ্য পেলাম। একসময় কোকা-কোলা পাওয়া যেতো ঔষধ হিসেবে। স্বাস্থ্যের উন্নতির জন্য কোকা-কোলা খাওয়া হতো। আস্তে আস্তে এখন কোন পর্যায়ে আছে কোকা-কোলা তা সবারই জানা। লেখকের ভাষ্যমতে যা বুঝলাম পৃথিবীতে মানুষজন সবচেয়ে বেশি বুঝে এমন প্রথম শব্দ ‘ওকে’ এবং দ্বিতীয় শব্দ ‘কোকা-কোলা’। পৃথিবীর কত কত দেশের নাম পড়ছি এই বইয়ে। সেই দেশগুলো কিভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সে বর্ণনা খুব সাবলীলভাবে দেয়া আছে। আরেকটা তথ্য ভালো লাগলো ট্যাক্সের বিষয়ে। কল্যাণ রাষ্ট্রগুলোতে গরিব ধনী সবাই ট্যাক্স দেয়। যেমন গরিবরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনার সময় মূল্য সংযোজন কর দেয়। ধনীরাও সেই কর দেয়। তবে হিসাব করে দেখা যায় ধনী গরিব উভয়ই ট্যাক্স দিলেও শুধু মূল্য সংযোজন কর দিলেও গরিবদের আয়ের প্রায় ২০ ভাগ ট্যাক্স হিসেবে খরচ হয়, অন্যদিকে ধনীদের খরচ হয় ১৪ ভাগ।
সারারাত বই পড়েছি। যে স্যার আমাকে বইটা পড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, আমার শ্রদ্ধেয় সেই সিনিয়র সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানালাম মেসেঞ্জারে। আমার ধারণা আমার পড়া প্রতিটি বই আমি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি। একেকটা বই একেকটা প্রেমের মতো। অনেক অভিজ্ঞতা দিয়ে যায়। সুখের অভিজ্ঞতা আবার দুখের অভিজ্ঞতা। সব অভিজ্ঞতাগুলোই আনন্দদায়ক। একটা বই আমাকে যেমন সমৃদ্ধ করে তুলে তেমনি একটা প্রেমও আমাকে সমৃদ্ধ করে যায়। আমাদের দেশে ছেলে মেয়েরা প্রেমে পড়লে বাবা-মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলে। যদিও এর সংখ্যা এখন বহুলাংশে কমেছে। প্রেম মানে পালিয়ে বিয়ে করা যেন কখনো না হয়। প্রেম হউক একে অপরকে জ্ঞান, গুণে, চিন্তায়, দক্ষতায় সমৃদ্ধ করা। প্রেম হউক অনুভুতি ভাগাভাগি করা। প্রেম হউক আনন্দবিলাশ। প্রেম হোক দুঃখবিলাশ, যে দুঃখ শোককে শক্তিতে পরিণত করে। প্রেমের থাকতে হবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা।
হীরামনি : উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান সদর উপজেলা, বান্দরবান।
(চলবে, পরের পর্ব আগামী সংখ্যায় প্রকাশিত হবে)








