মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৩

ফরিদগঞ্জে দুটি বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তার একগুচ্ছ নির্দেশনা

আব্দুল্লাহ আল মামুন
ফরিদগঞ্জে দুটি বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তার একগুচ্ছ নির্দেশনা
ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয় ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা আঞ্চলিক উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয় ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল্লার আঞ্চলিক উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সোমবার (২৪ আগস্ট ২০২৬) তিনি বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা কর্মকর্তারা নির্দেশনা দেন, অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেয়া, এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা এবং শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়। পরিদর্শনকালে মো. আরিফুল ইসলাম বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এসব ল্যাব নিয়মিত ও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের পাঠাগার সচল রাখা এবং প্রতিবছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজনের নির্দেশনা দেয়া হয়। সভায় সহপাঠক্রমিক কার্যক্রম জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টারস্ গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিবন্ধন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি ও অনুশীলন এবং নজরুলবর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও নির্দেশনা দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের বাচিক শিল্পী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ডিবেট ক্লাবের কার্যক্রম জোরদার, নিয়মিত সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়ন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। সভায় বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৃজনশীলতা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও সহপাঠক্রমিক দক্ষতা বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যা এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব। পরিদর্শনশেষে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্যে সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়