মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:০৫

চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ড্যাফোডিল স্কুলের সাফল্য পুরো চাঁদপুরের গর্ব

----কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ড্যাফোডিল স্কুলের সাফল্য পুরো চাঁদপুরের গর্ব
ক্যাপসন-১ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর-এর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, "এসএসসি পরীক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শতভাগ পাসের সাফল্য শুধু প্রতিষ্ঠানটির নিজস্ব অর্জন নয়, এটি পুরো চাঁদপুরবাসীর জন্য এক বিরাট গর্বের বিষয়। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের সার্থকতা নির্ভর করে দক্ষ শিক্ষক, সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ওপর। ড্যাফোডিল স্কুলের ফলাফলে সেই সমন্বিত প্রচেষ্টাই ফুটে উঠেছে।"

বিদ্যালয়ের অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও একাডেমিক লিয়াজোঁ অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর অধ্যক্ষ ক্যাপ্টেন এসআইএম জাহানইয়ার, পিএসসি , বিএন (অব.), ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট বাবুরহাট ক্যাম্পাসের অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সোহেল। কৃতী শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ও সাফল্যের গল্প ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন তাজবীর বিন হান্নান এবং মুশফিকা আলম ইরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও চাঁদপুরের কৃতী সন্তান ড. মো. সবুর খানের শিক্ষা বিস্তারে অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ড. সবুর খান চাঁদপুরের মাটিতে জন্ম নিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের জন্যে যে নতুন দুয়ার উন্মোচন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর দূরদর্শী চিন্তা ও নিবেদিত প্রচেষ্টায় চাঁদপুরে মানসম্মত শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, কেবল জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জনই শেষ কথা নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলাই মূল উদ্দেশ্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুরের শিক্ষাঙ্গনে আলোকিত মানুষ গড়ার বাতিঘর হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেন।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর থেকে মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়