প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০১:৪৯
চাঁদপুর শহরের দুটি বালিকা বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

চাঁদপুর লেডি প্রতিমা মিত্র ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল উন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
|আরো খবর
লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা শিক্ষা অফিসার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। পাশাপাশি ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসব শিক্ষার্থীর জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে ফলাফল উন্নয়নের কর্মকৌশল নিয়ে আলোচনা করেন তিনি।
তিনি বলেন, অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে নিয়মিত মূল্যায়ন করা এবং প্রতি সপ্তাহে মূল্যায়ন সভার আয়োজন করতে হবে। একই সঙ্গে শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন ও দুর্বল শিক্ষার্থীদের জন্যে বিশেষ ক্লাস নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এসব সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিদ্যালয়ের লাইব্রেরি নিয়মিত সচল রাখা এবং প্রতিবছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়ন, ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বিতার্কিক হিসেবে গড়ে তোলা এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ ছাড়া ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিবন্ধন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন এবং নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেন জেলা শিক্ষা অফিসার।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখতে কাউন্সিলিং কার্যক্রম আরও জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনশেষে জেলা শিক্ষা অফিসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু পরীক্ষার ফলাফল নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ডিসিকে/ এমজেডএইচ








