প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:১১
১১৯২ নম্বর পেয়ে জান্নাতুল মাঈশার চমক! স্বপ্ন এখন বিচারপতি হওয়ার

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মেধাবী শিক্ষার্থী জান্নাতুল মাঈশা। ১২০০ নম্বরের মধ্যে মাঈশা পেয়েছে ১১৯২ নম্বর। তার গড় নম্বর ৯৯ দশমিক ৩৩ শতাংশ।
|আরো খবর
মাঈশার ফলাফলে রয়েছে অসাধারণ সাফল্যের ছাপ। গণিতে সে পেয়েছে পূর্ণ ১০০ নম্বর। উচ্চতর গণিতে ৯৭, রসায়নে ৯৮ এবং পদার্থবিজ্ঞানে ৯৬ নম্বর পেয়েছে। তার এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, পরিবার ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শুধু পড়াশোনাতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় মাঈশা। উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে নিয়মিত অংশগ্রহণ করে। এসব প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়েও চাঁদপুরের প্রতিনিধিত্ব করেছে সে। তার রয়েছে অসংখ্য পুরস্কার।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জান্নাতুল মাঈশা জানায়, বড় হয়ে সে বিচারপতি হতে চায়। মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার স্বপ্ন রয়েছে তার। এজন্যে উচ্চশিক্ষার পাশাপাশি নিজের জ্ঞান, মেধা ও দক্ষতা আরও বিকশিত করতে চায় সে।
নিজের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে জান্নাতুল মাঈশা। একই সঙ্গে তার এ সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে।
মাঈশার বাবা মো. জাকারিয়া বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে লক্ষ্মীপুর জেলায় কর্মরত রয়েছেন। তার বড় ভাই হাসিবুল হাসানও পুলিশ সদস্য হিসেবে ঢাকায় কর্মরত। মা একজন গৃহিণী।
জান্নাতুল মাঈশার পরিবার জানায়, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি সে গভীর মনোযোগী। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণের কারণে তার মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ তৈরি হয়েছে। ভবিষ্যতে সে যেনো নিজের স্বপ্ন পূরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এটাই পরিবারের প্রত্যাশা।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, মাঈশা শুধু মেধাবী শিক্ষার্থীই নয়, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তার এমন ফলাফল বিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।
ডিসিকে/ এমজেডএইচ








