প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৩
শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমানকে নাগরিক সংবর্ধনা

যুক্তরাজ্য সফর শেষে নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে (হাজী মুজিব) নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
|আরো খবর
শনিবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপি মুজিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "লন্ডনে আমাদের দল অত্যন্ত সুসংগঠিত এবং সেখানে তারা আমাকে বিপুল সম্মান ও মূল্যায়ন করেছেন। আমি চাই, আমার এলাকাতেও দল সুসংগঠিত থাকুক। বিভেদ ভুলে দলের ও এলাকার মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতার মোহ নয়, মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।"
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, "আমরা যদি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করি, তবেই জনগণ আমাদের ওপর আস্থা রাখবে। এর ব্যত্যয় ঘটলে পরিণতি ফ্যাসিবাদের মতোই হবে। কোনো নেতাকর্মী যেন সাধারণ মানুষের কাছে দুর্ব্যবহার বা হয়রানির কারণ না হন—সেদিকে কঠোর নজর রাখতে হবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মহিউদ্দিন ঝাড়ু, শামীম আহমদ, মশিউর রহমান রিপন, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সালাউদ্দিন কাজল ও মকসুদুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী।
এর আগে যুক্তরাজ্য থেকে শ্রীমঙ্গলে পৌঁছালে চা-কন্যা ভাস্কর্য এলাকায় এমপি মুজিবুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। পরবর্তীতে শত শত মোটরসাইকেল ও গাড়িবহর সহযোগে শোভাযাত্রাসহকারে তাঁকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। ডিসিকে/ এমজেডএইচ








