প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০২:৫৭
শ্রীমঙ্গলে প্রবীণ শিক্ষক সংবর্ধনা ও বিনামূল্যে চক্ষু শিবির

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান এবং দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল টাউন হলে ‘প্রয়াত শিক্ষক লেবু স্যার একাডেমি’র উদ্যোগে এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কানাডা প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও শ্রীমঙ্গল জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা আব্দুর নূর (বড় হুজুর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অজয় দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (মরহুম শিক্ষক আব্দুল গফুর স্যারের তনয়) মোহাম্মদ মহিবুল হক वर्चুয়ালি (অনলাইনে) যুক্ত হয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডা প্রবাসী জোসেফ দাশ যশু, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাত, বিকুল চক্রবর্তী, শামীম আক্তার হোসেন মিন্টু, মো. মামুন আহম্মেদ, জহিরুল ইসলাম, শামীম আহমদ, ব্যবসায়ী নেতা মো. হাফিজ উদ্দিন, মো. আক্তার হোসেন ও দেবাশীষ ধর পার্থ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনসুর ইকবাল।
অনুষ্ঠানে লেবু স্যার একাডেমির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির-২০২৬’-এর আয়োজন কমিটির সদস্য সচিব সাংবাদিক মো. কাওছার ইকবাল জানান, শিক্ষক সংবর্ধনার পাশাপাশি শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। এর মধ্যে যাদের ছানি অপারেশনের প্রয়োজন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহায়তায় ছিলেন বিএনসিসি ও স্কাউটের সদস্যরা। ডিসিকে/ এমজেডএইচ








