প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২২:৫৬
শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা ও শিক্ষকদের সাথে মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) সকালে কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া আদায় করছি। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা আমার দাদা শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকের দিনে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর বদান্যতায় নারী শিক্ষায় এ কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব চাঁদপুরের উন্নয়নে কাজ করছেন, চাঁদপুরকে নিয়ে স্বপ্ন দেখছেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমার খালাম্মা মহিলা আসন-৩০৩-এর সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা এ প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন। তিনিও যতোটুকু সুযোগ আছে, এলাকার উন্নয়নে কাজ করছেন, সহযোগিতা করছেন।
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী মরহুম রুশদী সাহেবের অনুরোধে তৎকালীন এ কলেজের নাম ঘোষণা করেন। এ প্রতিষ্ঠানকে আমি খুব ভালোবাসি। আমি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করছি। আরো কাজ যা বাকি আছে তা পর্যায়ক্রমে করবো। প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্যে সকলের সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের সহযোগিতা লাগবে। আমি এ কলেজটিকে একটি মডেল প্রতিষ্ঠান করতে চাই। তাই সবার সহযোগিতা প্রয়োজন। এ প্রতিষ্ঠানের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে৷ শিক্ষার্থীরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ। তাই কলেজে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে কাজ করতে হবে৷ পড়ালেখার মান বাড়াতে হবে। শিক্ষকদের পাঠদানের প্রতি আরো মনোযোগী হতে হবে।
কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার। আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, মাও. ছোহাইল আহমাদ চিশতী, ফারজানা আক্তার, মো. জিয়াউর রহমান, মো. হাবিবুর রহামন, সিনিয়র প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. মাহবুবুর রহমান, মো. শাহাদাত হোসেন, মোসা. মনোয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, মনোয়ারা আক্তার, সহকারী শিক্ষক নাছরীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সোহেল রুশদী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের নেতৃত্বে শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।
কলেজের অনুষ্ঠান শেষে বেলা ১২টায় সোহেল রুশদী ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সূত্র : দৈনিক চাঁদপুর খবর।
ক্যাপসান: শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানসহ শিক্ষকবৃন্দ।








