বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২২:২২

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

সভাপতি মান্নান সম্পাদক সাখাওয়াত

সংবাদদাতা।।
হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

হাইমচরে উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্তদের পাওনা দ্রুত পরিশোধের দাবিতে বিশাল মানববন্ধন পালন করেছেন শিক্ষকরা।

​বুধবার (৬ মে ২০২৬) উপজেলার ঐতিহ্যবাহী চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে আগামী তিন বছরের জন্যে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এই কমিটি ঘোষণা করেন। এতে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানকে সভাপতি এবং গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় বলেন, শিক্ষকগণ সমাজের আলোকবর্তিকা। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।

প্রধান বক্তা সাবেক সভাপতি আবদুল লতিফ সম্প্রতি শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছনার ঘটনায় মর্মাহত হয়ে শিক্ষকদের সর্বোচ্চ নৈতিক হওয়ার আহ্বান জানান।

​বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম শফিক শিক্ষকদের রাজনীতির দোহাই দিয়ে শ্রেণিকক্ষে ফাঁকি না দেয়ার জন্যে কঠোর সতর্কবার্তা দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ শিক্ষকদের মানবিক আদর্শে ছাত্র সমাজ গড়ে তোলার অনুরোধ করেন।

​সম্মেলন ও সংবর্ধনা

শেষে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তাঁদের পাওনা অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা দ্রুত ও সহজ উপায়ে পাওয়ার দাবি জানান।

​মানববন্ধনে বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করার পর শেষ বয়সে ভাতার জন্যে দ্বারে দ্বারে ঘোরা অত্যন্ত অপমানজনক। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী যেনো অবিলম্বে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া হয়। প্রবীণ শিক্ষক মোশারফ হোসেন ও স্বপন সরকার আক্ষেপ করে বলেন, জীবনের শেষ সময়ের এই একমাত্র সম্বলটুকু পেতে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

​এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব হারুন অর-রশিদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রকিবুল হাসান ও মো. মাহবুবুর রহমান।

সবশেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়