শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:১৬

চাঁদপুর সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষার্থীদের তথ্য ও সহায়তা কেন্দ্র খুলে নানা সেবায় বিভিন্ন সংগঠন

মো. তাইয়্যেব হোসাইন।।
চাঁদপুর সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষার্থীদের তথ্য ও সহায়তা কেন্দ্র খুলে নানা সেবায় বিভিন্ন সংগঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানা সহায়তায় চাঁদপুর সরকারি কলেজে বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্থাপন করা হয়েছে ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্র। এসব কেন্দ্র থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দেয়া হয় প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি বসার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, খাবার পানি, স্যালাইন ও ওষুধসহ নানা সেবা।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে কলেজ গেটের দু পাশে বিভিন্ন স্থানে বুথ স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠন।

উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ক্লিন চাঁদপুর, মোশারফ ফাউন্ডেশন, চাঁদপুর সরকারি কলেজ শিক্ষার্থী অ্যাসোসিয়েশন এবং বাঁধনসহ আরও কয়েকটি সংগঠন।

চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাহিম খান জানান, অনেক শিক্ষার্থী ভুলবশত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল, ব্যাগ ইত্যাদি সাথে করে নিয়ে আসে, যা নিয়ে হলে প্রবেশ করা যায় না, তা আমরা জমা রেখেছি। দুটি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কারণে অনেক শিক্ষার্থী এই কেন্দ্রে ভুলে চলে আসে। সেক্ষেত্রে তাদের সহায়তায় বাইকের মাধ্যমে অন্য কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ

করেছে। আমরা সহনশীল ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, কোনো ধরনের সহিংসতা নয়।

ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি আজমির হাসান তারেক বলেন, অনেক শিক্ষার্থী তাদের সিট বা ভবন খুঁজে পেতে সমস্যায় পড়ে। আমরা তাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছি। পাশাপাশি যেসব জিনিস হলে নেয়া যায় না, যেমন ব্যাগ, মোবাইল বা ডিজিটাল ডিভাইস, সেগুলো নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এছাড়া খাবার পানি, স্যালাইন এবং অভিভাবকদের বসার ব্যবস্থাও রয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই সারাদেশে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহমর্মিতাপূর্ণ কার্যক্রম চলমান থাকুক এবং সব সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক।

কলেজের অরাজনৈতিক সংগঠন ‘চাঁদপুর সরকারি কলেজ শিক্ষার্থী অ্যাসোসিয়েশন’ পরীক্ষার্থীদের জন্যে শরবত ও পানির ব্যবস্থা করেছে এবং অভিভাবকদের বসার সুবিধা নিশ্চিত করেছে। এছাড়া অন্যান্য সংগঠন শরবত, পানি ও হাতপাখা বিতরণ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই মানবিক উদ্যোগের জন্যে সংশ্লিষ্ট সকল সংগঠনকে ধন্যবাদ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়