বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯:৩১

পরীক্ষা কেন্দ্রগুলোতে নেই আগের মতো হৈচৈ, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়ে খুশি শিক্ষার্থীরা

মো. মঈনুল ইসলাম কাজল।।
পরীক্ষা কেন্দ্রগুলোতে নেই আগের মতো হৈচৈ, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়ে খুশি শিক্ষার্থীরা
নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

এসএসসি পরীক্ষায় আগে যেমন করে আতংক ছড়িয়ে পড়তো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে, তার বিন্দুমাত্র দেখা যায়নি এবার কেন্দ্রগুলোতে। শিক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক শিক্ষার্থী মোবাইল ছেড়ে পড়ার টেবিলে ছুটে গেছে। বর্তমানে শুধু এসএসসি নয়, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর হুংকারে আতংকিত হলেও আড্ডাবাজ ও পরিবারের অবাধ্য কিছু ছাত্রও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে। এসএসসি পরীক্ষার পূর্বে সোস্যাল মিডিয়াতে যতোটা আতংক ছড়িয়ে দেয়া হয়েছে তার কোনোটাই কেন্দ্রে দেখা মেলেনি। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) এসএসসি পরীক্ষার প্রথমদিনে ক'টি কেন্দ্রে ঘুরে দেখা যায়, কোনো প্রকার আওয়াজ ছাড়াই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বাহির থেকে বোঝার উপায় ছিলো না ভেতরে পরীক্ষা হচ্ছে। কেন্দ্রগুলোর বাইরেও আগের মতো অভিভাবকদের জটলা ছিলো না। বিগত সময়গুলোতে কেন্দ্রের বিভিন্ন কক্ষে শিক্ষক ও কর্মচারীদের ছুটোছুটি ছিলো। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এদিন কিন্তু কেন্দ্রগুলোতে কারো দৌড়ঝাঁপ চোখে পড়েনি।

ধারণা করা হচ্ছে, পরীক্ষার কক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকায় সবাই ছিলেন অধিক সতর্কে। বিগত সময়গুলোতে শিক্ষার্থীদের শব্দে কেন্দ্রগুলো ছিলো মুখরিত। কিন্তু এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের দেখা গেছে সুশৃঙ্খল ও শান্ত মেজাজে। কেন্দ্রে কেউ প্রবেশ করলে উঁকিঝুঁকি দেয়ার প্রবণতা দেখা যায়নি। বর্তমান পরীক্ষার পরিবেশের সাথে শিক্ষার্থীরা সহজেই মানিয়ে নিয়েছে। পরীক্ষা দিয়ে বের হয়ে এসে শিক্ষার্থীদের হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায়। তাদের মধ্যে এতোদিন যে আতংক বিরাজ করছিলো, প্রথমদিনেই তা কেটে গেছে। অনেকেই পরীক্ষা দিয়ে জয়ের উল্লাসে মেতে উঠেছে। 'কী জানি কী হয়' এমন পরিস্থিতি নিয়ে কেন্দ্রে হাজির হওয়া শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান। অনেকেই মনে করছেন কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের ভয়াল থাবা থেকে কোমলমতি শিক্ষার্থীদের দূরে রাখতে পড়ার টেবিলের বিকল্প নেই। তাই শিক্ষামন্ত্রীর হুংকারে বেশ কাজ হয়েছে। আগামী দিনগুলোতে নকলমুক্ত পরিবেশ বজায় রেখে সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষার্থীরা অযথা আড্ডা দেয়া বন্ধ করে দেবে, পড়ালেখায় মনোযোগী হবে। এতে করে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে।

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন বলেন, আমরা চাই শিক্ষার পরিবেশ ভালো থাকুক। এজন্যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে আমরা তা বাস্তবায়ন করতে চেষ্টা করবো। নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন বলেন, সিসি ক্যামেরা থাকায় সবাই সতর্ক হয়ে গেছে। এখন আর কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়