প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:২২
শাহতলী জিলানী চিশতী উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে এতো সুন্দর আয়োজন করায় ধন্যবাদ। তোমাদের ফলাফলের প্রতি গুরুত্ব দিতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্যে ভালোভাবে পড়াশোনা করতে হবে। যাতে তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারো। পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। ভালো ফলাফল যে কোনো প্রতিষ্ঠানের প্রাণ। লেখাপড়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে তোমাদের। তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে৷ সমাজের জন্যে ত্যাগ স্বীকার করতে হবে৷
তিনি বলেন, আমরা ভবিষ্যতে এ বিদ্যালয়ে কেন্দ্র আনার চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খুব ইনোভেটিভ প্রোগ্রাম নিয়েছে৷ কৃষকদের ব্যাংক ঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি বিতরণ করেছেন। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছেন। ডিম, দুধ, রুটি, কলার ব্যবস্থা করেছেন শিশুদের জন্যে। এ আয়োজন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে। তিনি শিক্ষার ওপরে জোর দিয়েছেন। চাঁদপুরের উন্নয়নে তিনি কাজ করছেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের উপহার প্রদান করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া, মিলাদ, মুনাজাত পরিচালনা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।
রুশদী।







