প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২৩:০৩
চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ও ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে এগারোটার সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দিয়ে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। পাঠ্যপুস্তকের জ্ঞান ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয় ঘটাতে না পারলে আমরা বিশ্বের তুলনায় ১০ থেকে ১৫ বছর পিছিয়ে থাকবো। আমাদের বর্তমান পাঠক্রম এখনো যুগোপযোগী নয়, তবে সরকার এটিকে আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে—এটা আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, বিশেষ করে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বেসিক ধারণা অনেক সময় পরিষ্কার থাকে না। ফলে তারা উচ্চ প্রযুক্তি বা উদ্ভাবনী কাজে দক্ষতা অর্জন করতে পারে না। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। বিষয়ভিত্তিক শিক্ষকরা—বিশেষ করে ফিজিক্স ও কেমিস্ট্রির শিক্ষকরা শিক্ষার্থীদের কতোটা দক্ষতার সাথে বুঝাতে পারছেন, সেটি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি নিজেদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অযথা আড্ডা দেয়া, অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং সময় নষ্ট করার প্রবণতা থেকে দূরে থাকতে হবে। এসব কারণে আমাদের দেশের অনেক শিক্ষার্থী ধীরে ধীরে শিক্ষায় পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উচিত নিজের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়া।
সদর এসি (ল্যান্ড) আরও বলেন, একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষিত যুবসমাজ। তাই শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে। তাহলেই আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন।
ওসমানিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিনিধি শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।








