প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮
আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
সোমবার পুরস্কার বিতরণ করবেন জেলা শিক্ষা অফিসার

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর এলাকায় আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মাদ্রাসার নিকটস্থ মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়ালেখার একটি অংশ। এটি বছরে একবার আনুষ্ঠানিকভাবে হয়ে থাকে। কিন্তু সারা বছর ক্রীড়াচর্চা হলে এর মাধ্যমে তৃণমূল থেকে
|আরো খবর
জাতীয়ভাবে খেলার সুযোগ তৈরি হয়। এ তরপুরচণ্ডী এলাকার আব্দুল মালেক জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সাঁতারু হয়েছেন নিয়মিত সাঁতার চর্চার মাধ্যমে। তিনি আরো বলেন, এ এলাকার আশপাশে সরকারি বা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না। এমতাবস্থায় এগারো বছর আগে এখানে ব্যক্তি উদ্যোগে মাওলানা মো. আবদুর রহমান গাজী তাঁর বাবা-মায়ের নামে মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। যেখানে শিক্ষার্থীদের মডেল হিসেবে তৈরি করতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একদিন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের মডেল হয়ে সুনাম অর্জন করবে বলে আশা রাখি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সমাজকল্যাণ ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, শাহতলী ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নূরুল ইসলাম সোহাগ, ওয়ান ব্যাংকের সিনিয়র অফিসার মো. মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মো. বিল্লাল হোসেন খান, মোহাম্মদ হোসাইন দেওয়ান প্রমুখ।
মাদরাসার পরিচালক মাও. মো. আবদুর রহমান গাজীর সভাপ্রধানে ও সহকারী শিক্ষক মো. রাশেদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ খান, অভিভাবক সদস্য আলহাজ্ব মো. আমিনুল হক বেপারী, মো. জাকির হোসেন গাজী ও মো. নাছির উদ্দিন মোল্লা, মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. মো. ইসমাইল হোসেন জামিল, মুফতি শামছুদ্দিন, হাফেজ মহিবুর রহমান মহিব্বুলাহ, মো. বোরহান উদ্দিন সরকার ও হাফেজ ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০২৬ শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতায় ২৯ ইভেন্টে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৩ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন জেলা সহকারী শিক্ষা পরিদর্শক সুমন খান, বিষ্ণুদী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম লিটন ডাক্তার।
সোমবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
ছবির ক্যাপশন।। আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। পাশে শিক্ষার্থীদের শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে।








