প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৭:৩০
শ্রীনগরের রুদ্রপাড়ায় ১৫ বছর ধরে মনিরের আশ্রয়ে মানিক, আজও জানে না নিজের ঠিকানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের বাসিন্দা মো. আবেদ আলী বেপারীর ছেলে মনিরের আশ্রয়ে গত ১৫ বছর ধরে বসবাস করছে মানিক নামে এক যুবক। তবে এতদিন পরও সে জানে না তার প্রকৃত পরিচয় কিংবা স্থায়ী ঠিকানা।
|আরো খবর
স্থানীয় চা-দোকানি মনির জানান, প্রায় ১৫ বছর আগে একদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-দোহার সড়কের রুদ্রপাড়ায় অবস্থিত তার চায়ের দোকানের আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল মানিক। সন্ধ্যা ঘনিয়ে এলে সে দোকানেই আশ্রয় নেয়।
মনির বলেন, মানিকের নাম-পরিচয় জানার জন্য বহু চেষ্টা করা হলেও তার কাছ থেকে কেবল 'মানিক' নামটিই জানা যায়। এর বাইরে সে নিজের পরিবার, বাড়ি কিংবা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।
সেদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মানিকও মনিরের পিছু পিছু তার বাড়িতে চলে যায়। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন মনির। পরদিন থেকেই মানিক মনিরের চায়ের দোকানে সহযোগী হিসেবে কাজ শুরু করে। বর্তমানে সে মনিরের নির্দেশনা অনুযায়ী সব ধরনের কাজে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করে।
মনির জানান, এরই মধ্যে অনেকেই মানিকের দায়িত্ব নিতে কিংবা তাকে পালিত সন্তান হিসেবে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু মানিক কখনোই তাকে ছেড়ে যেতে রাজি হয়নি। তিনিও মানিককে নিজের সন্তানের মতোই স্নেহ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে মানিক তার আশ্রয়ে থাকলেও আজ পর্যন্ত তার খোঁজে কোনো স্বজন আসেননি। যদি কোনো দিন মানিকের প্রকৃত ঠিকানা জানা যায় এবং তার বাবা-মা বা স্বজনরা তাকে ফিরিয়ে নিতে চান, তাহলে তিনি সানন্দে তাদের কাছে মানিককে হস্তান্তর করবেন। তবে মানিক যদি তাদের সঙ্গে যেতে না চায়, তাহলে নিজের সন্তানের মতোই তার দায়িত্ব পালন করে যাবেন বলে জানান মনির।








