প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২:৪৯
বড়লেখায় শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দু নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ডিপার্টমেন্টাল স্টোরে শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দু নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় এক শিশুকেও হেফাজতে নিয়েছে পুলিশ।
|আরো খবর
পুলিশ জানিয়েছে, গত ৩ মার্চ শাহবাজপুর বাজারের রাসেল ভেরাইটিজ স্টোর নামক একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় বড়লেখা থানায় মামলা নং-২১(০৫)২৬, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকালে দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, বোরকা পরিহিত দু নারী মালামাল ক্রয়ের অজুহাতে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছর বয়সী এক শিশুকে দিয়ে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ লাখ টাকা চুরি করানো হয়।
পরবর্তীতে ২৬/০৫/২০২৬ খ্রি. তারিখে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় ১নং আসামি স্মৃতি রানি শাহজি প্রকাশ স্মৃতি বেগম (৩১) এবং আইনের সংঘাতে জড়িত শিশু (০৮)-কে বিশ্বনাথ থানাধীন সন্ধানী ক্লিনিক এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ মে) ভোরবেলা সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা উপজেলার ওমর কবর কাশবন এলাকার বাচ্চু মিয়ার কলোনি থেকে ২নং আসামি শানু বেগম (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকান মালিকদের অগোচরে টাকা চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এছাড়া আইনের সংঘাতে জড়িত ৮ বছরের শিশুটিকে শিশু আইন, ২০১৩-এর ৪৭ ধারা মোতাবেক প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শক্রমে তার নানীর জিম্মায় প্রদান করা হয়েছে।








