প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:০১
বাবুরহাট ও ঘোষেরহাটে লাগাতার চুরির ঘটনা।। কুলকিনারা করতে পারছে না পুলিশ

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে জেলার প্রসিদ্ধ বাবুরহাট বাজার ও আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কখনো বিপুল পরিমাণ মালামাল, আবার কখনো নগদ অর্থ ও মূল্যবান সরঞ্জাম নিয়ে যাচ্ছে চোরচক্র। এসব ঘটনায় থানায় অভিযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরও অধিকাংশ ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে।
|আরো খবর
সর্বশেষ গত ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার) দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট (মিয়ার বাজার)-এর ২নং ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স নিউ নূর এন্টারপ্রাইজ’-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের পেছনের শার্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি পানির মোটর, ফ্যান ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
দোকানটির মালিক অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, নতুন ব্যবসাপ্রতিষ্ঠান চালুর লক্ষ্যে তিনি ওই জায়গাটি ক্রয় করে ভবন নির্মাণ করেছেন। বর্তমানে দোকান প্রস্তুতের কাজ চলছিলো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, যখনই তিনি দোকানে কাজ শুরু করেন, তখনই চুরির ঘটনা ঘটে। এর আগেও তাঁর এই দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। সর্বশেষ এই চুরিতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, যা নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহাম্মেদ জানান, ওই এলাকায় চুরি রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভুক্তভোগী দোকানমালিক মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাবুরহাট বাজারেও লাগাতার চুরি
শুধু ঘোষেরহাট নয়, জেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বাবুরহাট বাজারেও গত কয়েক মাসে একাধিক বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। গত মে মাসে ‘মেসার্স সিটি ট্রেডার্স’-এ চোরের দল প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় অবহিত করা হলেও এখন পর্যন্ত লুটের মালামালের কোনো হদিস মেলেনি। প্রতিষ্ঠানটির মালিক মো. মমিনুল ইসলাম মারা যাওয়ার পর এই চুরির ঘটনায় পরিবারটি আরও মানসিকভাবে ভেঙে পড়েছে।
এর আগে গত ১৭ জুন মতলব রোডস্থ ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়। এছাড়া ৭ আগস্ট বাবুরহাট বাজারের ‘বিসমিল্লাহ মেডিসিন কর্নার’-এ দুর্ধর্ষ চুরিতে প্রায় ৫ লাখ টাকার পণ্য নিয়ে যায় চোরচক্র। গত ১২ অক্টোবর সোমবার দিবাগত রাতে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার ‘সোহাগ অটো পার্টস অ্যান্ড সার্ভিসিং সেন্টারে’ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ঘটনারই কুলকিনারা করতে পারেনি। চুরির ঘটনাগুলোর দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ব্যবসায়ীদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে।
রাতের টহল বাড়ানোর দাবি স্থানীয়দের
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোষেরহাট ও আশপাশের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে। তবে পুলিশি হয়রানি ও নানা ভোগান্তির আশঙ্কায় অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে চান না; ফলে অনেক চুরির ঘটনা নথিভুক্তও হয় না।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল বাড়ানো জরুরি। একই সঙ্গে চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্যবসায়ীদের প্রশ্ন, একের পর এক দোকানে চুরি ও লাখ লাখ টাকার মালামাল লুট হলেও অপরাধীরা ধরা পড়ছে না কেন? তারা ধরা না পড়ায় আরও বেপরোয়া হয়ে উঠছে কি না, সেই শঙ্কাও রয়েছে। সচেতন মহলের মতে, বাবুরহাটসহ সদর উপজেলার বিভিন্ন বাজারে নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি। নিয়মিত রাতের টহল, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং পুরোনো চুরির ঘটনাগুলোর তদন্তে দৃশ্যমান অগ্রগতি না এলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।







