প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬
চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক
মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়, সতর্ক জেলা পুলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। শনিবার (১৭ অক্টোবর) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
|আরো খবর
পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি খতিয়ে দেখেন, নিরাপত্তা নিশ্চিতকরণে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সবার সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ দুর্গোৎসব উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।








