মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:১৫

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে

------ মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

স্টাফ রিপোর্টার।।
গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে অবস্থিত মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের মৎস্য ও কৃষি খাতকে আরও এগিয়ে নিতে বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর প্রস্তাবনা প্রয়োজন। এ ক্ষেত্রে গবেষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর পৌনে ৩টায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রে গবেষণা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি বাস্তববাদী ও খেটে খাওয়া মানুষ। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আগামী দিনগুলোতে আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো। এ জন্য আপনাদের কাছ থেকে বাস্তববাদী প্রস্তাবনা প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, এ সরকার জনগণের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। দেশটা আপনার, আমার—আমাদের সবার। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মৎস্য গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের নদ-নদী ও জলাশয়ে মাছের বৈচিত্র্য রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে হবে। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সুপারিশ বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দেশের নদ-নদী থেকে যেসব মাছের প্রজাতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে আরও গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, যেসব মাছ বিলুপ্তির পথে, সেগুলো নিয়ে গবেষণা করতে হবে। আমাদের চাঁদপুরের অনেক জেলের আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই এবং তারা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন না। প্রশাসনের হাতে আটক হওয়ার পর অনেকেই আইন সম্পর্কে ধারণা পান। তাই জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুর নদী কেন্দ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউছার দিদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবুসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়