প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২২:০৮
চাঁবিপ্রবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও গেট-টুগেদার

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম এবং একই বিভাগের প্রভাষক মো. মজিবুর রহমান মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে পরিচিত হওয়ার সুযোগ পান।
এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানশেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।








