রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

মাদকের বিরুদ্ধে বড় ধরনের টাস্কফোর্সের অভিযান হবে

আইন হাতে তুলে না নেয়ার আহ্বান পুলিশ সুপারের, দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসন কঠোর

আব্দুল্লাহ আল মামুন
মাদকের বিরুদ্ধে বড় ধরনের টাস্কফোর্সের অভিযান হবে
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরে মাদক নির্মূলে বড় ধরনের টাস্কফোর্সের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একই সঙ্গে আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। কোনো আসামি বা মাদক ব্যবসায়ীকে আটক করা হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। প্রয়োজনে প্রশাসনকে জানাতে হবে। বাবুরহাট এলাকায় ইতোমধ্যে দুবার অভিযান পরিচালনা করা হয়েছে, প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানো হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না। বিশৃঙ্খলা, উস্কানি, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ কমিটির সদস্যরা।

আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কোনো অপরাধীকে আটক করার পর মারধর করা যাবে না। তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। চাঁদপুরে অস্ত্রের উপস্থিতি তুলনামূলক কম হলেও কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে তা উদ্ধারে অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। জেলার প্রায় ৯৮ ভাগ পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজার সময় হাজীগঞ্জের মদের দোকানগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

মাদক, মা ইলিশ ও অবৈধ দখল নিয়ে আলোচনা :

জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবাইকে সতর্ক থাকতে হবে। রেলওয়ের জমি অবৈধ দখল, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি মা ইলিশ সংরক্ষণ এবং ভেজাল খাদ্যবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় নৌ-পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-এর তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাশেষে চাঁদপুরের বিদায়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়