প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ২১:২৭
বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেনের ইন্তেকাল

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী হোসেন (৫৬) আর নেই। রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ৬টায় নিজ বাড়িতে আকস্মিকভাবে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে তিনি বাবুরহাট বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেনের অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বাবুরহাট বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সদালাপী, মহৎ ও প্রগতিশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তাঁর ছেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত রয়েছেন।
রোববার বাদ আসর চাঁদপুর সদরের রালদিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বাবুরহাট বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে রালদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।








