প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩
মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরের টিকাদান শুরু

মতলব উত্তর উপজেলায় জলাতঙ্কের ঝুঁকি কমাতে ব্যাপক হারে পথকুকুরকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পাঁচ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে প্রায় ৩০০টি পথকুকুরকে জলাতঙ্কপ্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
|আরো খবর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসসহ দপ্তরটির কর্মকর্তা-কর্মচারী, ডগ ক্যাচার, ভ্যাক্সিনেটর ও সার্ভেয়ারবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস জানান, পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার প্রায় ৩০০ কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে মোট তিনটি টিম মাঠে নেমেছে। প্রতি টিমে দুইজন ডগ ক্যাচার, একজন ভ্যাক্সিনেটর এবং একজন সার্ভেয়ার দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, "ব্যাপকভাবে কুকুরকে জলাতঙ্কপ্রতিরোধী টিকার আওতায় আনা গেলে মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। কুকুরকে টিকাদানের পাশাপাশি কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও জলাতঙ্কপ্রতিরোধী ইনজেকশন নিশ্চিত করা জরুরি। এ রোগ প্রতিরোধে সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।"
---








