প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:০৮
চাঁদপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা

চাঁদপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
|আরো খবর
সভার সূচনায় নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং কুমিল্লা স্কাউট অঞ্চলের দায়িত্বরত উপ-পরিচালক সুধীর চন্দ্র বর্মণকে টবসহ চারাগাছ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরপর ২০২৬ সালের জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী দুজন শ্রেষ্ঠ কাব শিশুকে পুরস্কারে ভূষিত করা হয়। পাশাপাশি কাব শাখায় চাঁদপুর জেলায় প্রথম 'লিডার ট্রেইনার' (এলটি) হিসেবে স্বীকৃতি ও দায়িত্ব পাওয়ায় প্রধান শিক্ষিকা তহমিনা আক্তারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোছাদ্দেক হোসেন, কুমিল্লা স্কাউট অঞ্চলের উপ-পরিচালক সুধীর চন্দ্র বর্মণ, জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী (এএলটি), সহকারী কমিশনার নেয়ামত হোসেন, জেলা স্কাউট লিডার মো. ওয়ালিদ হোসেন এবং জেলা কাব লিডার মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
চাঁদপুর জেলার আটটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ নির্বাহী কমিটির মোট ৪৭ জন সদস্য উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন, অডিট কমিটি পুনর্গঠন এবং উপজেলা ও জেলা পর্যায়ে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ বাস্তবায়নের মতো বেশ ক'টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পুরো সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
ডিসিকে /এমজেডএইচ








