প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:২৬
মাহবুব মদিনা ও অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু স্মরণে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মরহুম চৌধুরী এসএম মাহবুব মদিনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং চাঁদপুর রোটারী ও রোটার্যাক্ট ক্লাবের প্রাক্তন সভাপতি মরহুম অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
|আরো খবর
ক্লাব সভাপতি রোটার্যাক্টর বেবীন্টন চন্দ্র দাস কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর রোটারী ক্লাব ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ রোটারি ক্লাবের সাবেক সভাপতি প্রকৌশলী রোটারিয়ান মাসুদ ইবনে মিজান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের ইলেক্ট সেক্রেটারি রোটারিয়ান শাহিন আক্তার, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও রোটারী ক্লাবের সদস্য রোটারিয়ান আল-আমিন, রোটারিয়ান রেজাউল ইসলাম রকি ও নাজমুর নাহার এবং হাজীগঞ্জ রোটার্যাক্ট ক্লাবের সভাপতি পাবেল মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান কাজী শাহাদাত প্রয়াত এই দুজনের অবদান স্মরণ করে বলেন, প্রয়াত চৌধুরী এসএম মাহবুব মদিনা অত্যন্ত জনপ্রিয় ফুটবলার ছিলেন। চাঁদপুর স্টেডিয়ামে আমি তাঁর ফুটবল খেলা উপভোগ করেছি। ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে তাঁর এই জনপ্রিয়তার কারণেই তিনি পরবর্তী সময়ে চাঁদপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হতে পেরেছিলেন। তিনি রোটার্যাক্ট ক্লাবের চার্টার (প্রতিষ্ঠাতা) সহ-সভাপতি হিসেবে শহরের নানামুখী সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা আজ চাঁদপুরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে।
মরহুম অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু প্রসঙ্গে তিনি বলেন, অ্যাড. সাইয়েদুল ইসলামের বাবা চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি ছিলেন। সেই ঐতিহ্য বজায় রেখে তিনি নিজে প্রথমে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি এবং বাবার সভাপতি হওয়ার ৪০ বছর পর রোটারী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা উভয়েই ক্লাবের প্রতি নিবেদিত ও প্রাণবন্ত মানুষ ছিলেন। বিশেষ করে রোটারী ক্লাবকে এগিয়ে নেয়ার চিন্তায় বাবু সর্বদা নিয়োজিত থাকতেন। ব্যক্তিজীবনে তিনি ভীষণ ভ্রমণপিপাসু ছিলেন।
প্রধান অতিথি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্মরণসভা আয়োজনের জন্যে রোটার্যাক্ট ক্লাবকে ধন্যবাদ জানান।
স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোটারিয়ান শাহিন আক্তার । বক্তব্য পর্ব শেষে মাওলানা আবদুস সাত্তারের পরিচালনায় প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াশেষে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিলো। আবেগঘন পরিবেশের এই সভায় প্রয়াতদের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রোটার্যাক্টর এনামুল ইসলাম সাব্বির, শাহরিয়ার খান হিমেল, আজিজুল হাকিম, সদ্য বিদায়ী সভাপতি আফজাল কাজী ও বর্তমান সহ-সভাপতি ওবায়দুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রোটার্যাক্টর রাকিবুল ইসলাম ও ওবায়দুর রহমান, সচিব মো. রিশান রাকিব, যুগ্ম সচিব সালমা আক্তার আঁখি ও জান্নাতুল ফেরদৌস মিম, শারমিন আক্তার, কোষাধ্যক্ষ নূরে আলম নিরব, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক শান্তা ইসলাম, এডিটর জহিরুল ইসলাম, বুলেটিন এডিটর আবরার ইসলাম আরিয়ান এবং সদস্য তারা বানু সোনিয়া ও কাইফা আক্তার।
পরিশেষে ক্লাবের সভাপতি বেবীন্টন চন্দ্র দাস কিরণ ও সচিব রাইসান রাকিব উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।








