প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:২৫
হাইমচরে বিশাল নাগরিক সভা
আইনের সর্বোচ্চ কঠোরতায় চাঁদপুর থেকে মাদক নির্মূল করা হবে
-----পুলিশ সুপার রবিউল হাসান

"মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ সেখানে" এবং "এসো সবাই শপথ করি, মাদকমুক্ত হাইমচর গড়ি"—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে হাইমচরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী নাগরিক সভা। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘বাংলাদেশ মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধ ফোরাম’-এর আয়োজনে এবং হাইমচর উপজেলা প্রশাসনের সহায়তায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি তাঁর বক্তব্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করে চাঁদপুর থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা হবে।
তাঁর বক্তব্যে তিনি জেলা পুলিশের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, গত ১ এপ্রিল ২০২৬ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৬০টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ৫৭৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে৬,৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা ও ৩টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ এবং ১ বোতল বিদেশি মদ।
পুলিশ সুপার বলেন, "মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।" অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্যে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। একই সাথে মাদকাসক্তদের আলোর পথে ফিরিয়ে আনতে এবং তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্যে 'তাবলীগ জামাতে' পাঠানোর এক ব্যতিক্রমী ও মানবিক পরামর্শ দেন তিনি।
সভায় বক্তারা একমত পোষণ করেন যে, কেবল আইনি প্রয়োগ নয়, মাদক রুখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে "জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন" এই বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে হাত তুলে হাইমচরকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার শপথ গ্রহণ করেন।
সাংবাদিক শিমুল অধিকারী সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় এবং মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের প্রধান সমন্বয়কারী ও মূল উদ্যোক্তা মোহাম্মদ ফারুকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর চাঁদপুরে কর্মরত সহকারী পরিচালক মিজানুর রহমান ও হাইমচর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি জসীম উদ্দীন বাহার, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার।
গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফারুকুল ইসলাম এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কাটাখালি হামিদিয়া আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শরিফ হোসেন খান, কে বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র, মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মজুমদার, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. আলমগীর হোসেন, আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হাফিজুর রহমান, জামিলায়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহ আলম, কমলাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হামিদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখা সাধারণ সম্পাদক হযরত মাওলানা আলাউদ্দিন আনসারী। এরপর পবিত্র গীতা পাঠ করেন শ্রী বিমল চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে জাগ্রত করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও পেশাজীবীদের এই অভূতপূর্ব সমন্বয় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।







