সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৮:৪৭

ঝড়ের কবলে দু লঞ্চের সংঘর্ষে আহত ১০ যাত্রী

পন্টুন ছিঁড়ে ক্ষতি, দুর্ভোগে হাজারো যাত্রী

কবির হোসেন মিজি
ঝড়ের কবলে দু লঞ্চের সংঘর্ষে আহত ১০ যাত্রী

চাঁদপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটে নোঙ্গর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে দু যাত্রীবাহী মধ্যে লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর কারণে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঈগল-৭ লঞ্চের যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় আরেক যাত্রীবাহী লঞ্চ ময়ূর-২ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়। একেতে ঝড়ো বাতাস, অন্যদিকে সংঘর্ষের ধাক্কায় লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ি, দৌড়ঝাঁপ ও লাফিয়ে নামতে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন : রাজু পাটওয়ারী (২৮), রশিদ দেওয়ান (৬০), ইসমাইল হোসেন (৩৫), জান্নাতুল (২০), আয়শা (২৬), মেহনুভা (৩), মাহের (৭), সুইটি আক্তার (২৬) ও মিনহাজ (১২)। আহতদের মধ্যে বেশিরভাগই ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও মিনহাজকে ভর্তি রাখা হয়েছে।

লঞ্চ মালিকের প্রতিনিধি

বিপ্লব সরকার জানান, ঝড়ের কারণে কয়েক ঘণ্টা ধরে ঘাট ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক মো. কামরুজ্জামান

জানান, ঘাটে ভেড়ানো অবস্থায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে ময়ূর-২ ও ঈগল-৭ লঞ্চের যাত্রীরা তাড়াহুড়ো করতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া লঞ্চ টার্মিনালের একটি পন্টুন ছিঁড়ে গেছে এবং কয়েকটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পন্টুন মেরামতের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ইমাম হাসান-২ ও ঈগল-৭ লঞ্চের যাত্রীরা ঝড়ের সময় আতঙ্কিত হয়ে দ্রুত নামতে গিয়ে আহত হন।

এ বিষয়ে জানতে চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার কল দেওয়া হলেও লঞ্চঘাটে ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়